প্রধানমন্ত্রীর দেওয়া সুযোগ কাজে লাগাতে চাই :মাশরাফি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের সবচেয়ে বড় তারকা মাশরাফি বিন মুর্তজা। দেশের ইতিহাসের সফলতম অধিনায়ক, অন্যতম সেরা বোলারও। সেই মাশরাফি এখন রাজনীতির ময়দানের ‘তারকা’ হতে চলেছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। মাশরাফির এই সিদ্ধান্তের পর দেশ জুড়ে তার ভক্তদের প্রশ্ন ছিল— খেলোয়াড়ি জীবনেই কেন রাজনীতিতে এলেন মাশরাফি? গতকাল এসব প্রশ্নের উত্তর দিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক। তিনি বললেন, ব্যক্তি জীবনে অনেক দিন ধরে মানুষের জন্য যে কাজ করছিলেন, সেটাই বৃহত্ পরিসরে করতে রাজনীতিতে এসেছেন। আর এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়ে যে সুযোগ করে দিয়েছেন, সেটা এখন কাজে লাগাতে চান তিনি।

মানুষের পাশে থাকার সুযোগ পাওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার একটা সুযোগ এসেছে মানুষের সেবা করার। প্রধানমন্ত্রী একটা সুযোগ দিয়েছেন। আপনারা জানেন যে, আমার একটা ফাউন্ডেশন আছে, আমার এলাকার জন্য কিছু কাজ করার জন্য। আমার মনে হয় এটা আমার জন্য বড় সুযোগ তাদের জন্য কাজ করার। সে ফ এখান থেকেই মনে হয়েছে, সুযোগটা নেওয়া উচিত।’

ক্রিকেট থেকে অবসর নেওয়ার আর খুব বেশি বাকি নেই, এটা জানিয়ে মাশরাফি জানালেন, তার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মানুষের সেবা করাটাই এখন তার মূল লক্ষ্য। মাশরাফির কথায়, ‘আমার ক্যারিয়ার অবশ্যই শেষের দিকে। না আমি শচিন টেন্ডুলকার, না আমি ম্যাকগ্রা; যে আমার কথা মানুষ স্মরণে রাখবে। আমি আমার মতো করেই ক্রিকেটটা খেলেছি। আমার স্ট্রাগলিং লাইফে যতটুকু পেরেছি খেলেছি। তবে আমি সব সময় উপভোগ করেছি মানুষের জন্য কাজ করতে পারাটা। এটা আমার ছোটবেলার ইচ্ছে ছিল বলতে পারেন। যেই সুযোগটা প্রধানমন্ত্রী দিয়েছেন, এখন বৃহত্ পরিসরে যদি কিছু করা যায়।’