ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সাত কলেজের অধিভুক্তি নিয়ে সৃষ্ট সমস্যা আগামী ১৫ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে অধিভুক্তি বাতিলের আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে, আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ ীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া বলেন, কেবল আশ্বাস চাই না। আমাদের দাবি হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আমাদের দাবি যদি না মানা হয় এবং আবার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার সমুচিত জবাব দেবে। সংবাদ সম্মেলন শেষে কেন্দ ীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। এদিকে, গতকাল দুপুরে ঢাবি উপাচার্য সাংবাদিকদের বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাত কলেজের অধিভুক্তি হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষায় বৈজ্ঞানিক উপায়ে এর সমাধান করা হবে। এ বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
