মোহামেডান ছেড়ে আবাহনীতে যোগ দিচ্ছেন মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে। এ সপ্তাহে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন বলে আবাহনী ক্লাব সূত্রের খবর। আগামী ২৪ জুলাই ঢাকায় আসার কথা রয়েছে। আলোচনা চূড়ান্ত হয়েছে। বসুন্ধরা কিংসে যোগ দিতে চেয়েছিলেন দিয়াবাতে। কিন্তু কিংসের কাছ থেকে পারিশ্রমিকের যে অঙ্কটা দাবি করেছিলেন তা পাচ্ছেন না দিয়াবাতে। আবাহনীর সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।
যদিও আবাহনী মুখ খুলে সরাসরি কিছু বলছে না। সব সময়ের মতোই এড়িয়ে যাওয়া, এখনো দিয়াবাতেকে নিয়ে তেমনটাই করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত দলের অনুশীলনে যোগ দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সরাসরি কিছু বলতেও চাইছে না আবাহনী।
দিয়াবাতে আবাহনীতে যোগ দিলে আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। কারণ এই দলের আক্রমণভাগে এরই মধ্যে শেখ মোরসালিন এবং আল আমিন যোগ দিয়েছেন। দিয়াবাতে যোগ দিলে ক্লাব ফুটবলে সেরা আক্রমণভাগ হতে পারে আবাহনীর।
সুলায়মান দিয়াবাতে টানা ছয় বছর মোহামেডানে খেলেছেন। মোহামেডনের স্বপ্নের ট্রফি এনে দেওয়ার অন্যতম কারিগর, প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম নায়ক তিনি। গতবারের লিগে ১৯ গোল করেছেন সুলায়মান। মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পেছনে তার গোলের অবদান রয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত তার আর মোহামেডানে খেলা হলো না। মোহামেডান সূত্রের খবর এবার সুলায়মান দিয়াবাতে তার পারিশ্রমিক বাড়িয়েছিলেন। কিন্তু সেটি দিতে পারবে না মোহামেডান। দুই পক্ষের মধ্যে বনিবনা হয়নি। ট্রফি জয়ের উৎসব করে দিয়াবাতে দেশে ছুটি কাটাতে গিয়ে আর ফেরেননি। ওখান থেকে এখন আবাহনীতে যোগ দিচ্ছেন।

