বিদ্যুত্ না থাকার ফাঁকে কল্লা কাটার গুজবে আতঙ্কিত হবেন না --------- বিদ্যুত্ সচিব

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:১২

বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেছেন, দেশের কিছু এলাকায় অনেক সময় বিদ্যুত্ থাকবে            না বলে গুজব ছড়ানো হচ্ছে। বিদ্যুত্ না থাকার ফাঁকে মানুষের ‘কল্লা কাটা’ হবে বলে অনেক স্থানে অপপ্রচার চলছে। এগুলো শুধুই অপপ্রচার ও গুজব। এতে আতঙ্কিত হবেন না। এগুলো আমলে না নিয়ে গুজব রটানো ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর বিদ্যুত্ ভবনে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদ্যুত্ সচিব বলেন, বন্যার কারণে কিছু এলাকায় সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, হচ্ছে। এ কারণে কোথাও কোথাও বিদ্যুত্ সরবরাহে বিঘ্ন হতে পারে। কিন্তু তা ইচ্ছাকৃত বা উদ্দেশ্যপ্রণোদিত নয়, দুর্যোগজনিত। এর সুযোগ নিয়ে কেউ কেউ গুজব ছড়াতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

ওই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্র নির্মাণে বিদ্যুত্ বিভাগ, পিডিবি ও পিজিসিবির সঙ্গে চুক্তি করে বেসরকারি কোম্পানি ইউনিক মেঘনা ঘাট পাওয়ার লিমিটেড। গ্যাস অথবা এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস দিয়ে বিদ্যুত্ উত্পাদন করবে কেন্দ্রটি। যৌথ মালিকানার বিদ্যুেকন্দ্রটিতে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ৬৪ দশমিক ৯৮ শতাংশ, আমেরিকান কোম্পানি জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্টের ৩০ শতাংশ এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের ৪ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

উদ্যোক্তারা জানান, বিদ্যুেকন্দ্রটিতে ৫২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। কম্বাইন্ড সাইকেল প্রযুক্তির এই কেন্দ্র ২০২২ সালে উত্পাদনে আসবে। গ্যাস দিয়ে চলমান থাকলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে ২ দশমিক ৯৫ টাকা। আর যদি গ্যাসের সংকট থাকে, তখন রূপান্তরিত গ্যাসে চলবে। তখন দাম পড়বে ৫ দশমিক ৪৪ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বড়ো বিদ্যুেকন্দ্রগুলো উত্পাদনে এলে তেলভিত্তিক বিদ্যুেকন্দ্রগুলো সরিয়ে নেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, ইউনিক  মেঘনা পাওয়ারের চেয়ারম্যান নূর আলী ও ব্যবস্থাপনা পরিচালক নাফিজ সরাফত।