দুই পুলিশ বক্সে শক্তিশালী বোমা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:১২

রাজধানীর দুইটি পুলিশ বক্সে কে বা কারা বোমা রেখে যায়। মঙ্গলবার রাতে ঘটনাটি শনাক্ত হওয়ার পর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপজাল টিম বোমা দুইটি নিষ্ক্রিয় করে। ঘটনাস্থল দুইটির একটি হলো সচিবালয়ের পাশে পল্টন মোড়ের পুলিশ বক্স ও অপরটি          মানিক মিয়া গোলচক্করে খামারবাড়ি সংলগ্ন পুলিশ বক্স। বোমা দুইটিকে প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে পুলিশ। বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা বলছেন, বোমা দুইটি আইইডি বা দূর নিয়ন্ত্রিত ছিল। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পল্টন ও খামারবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলোতে কতটুকু বোমার কনটেন্ট ছিল সেগুলো ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এর সঙ্গে অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, মানিক মিয়া গোলচক্করে খামারবাড়ি পুলিশ বক্সের সিঁড়ির পাশে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একটি কার্টুন শনাক্ত হয়। কার্টুনটি খুলে দেখা যায় যে এর ভিতর কালো টেপ দিয়ে প্যাঁচানো বোমাসদৃশ বস্তু। পরে ঐ এলাকায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডিবির বোমা নিষ্ক্রিয়কারী টিম ঘটনাস্থলে এসে রাত দেড়টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করে।

তিনি আরো বলেন, ঐ স্থানের আশপাশে কোনো সিসি ক্যামেরা নেই। এ কারণে কারা সেখানে বোমাটি রেখে গেছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বোমাটি ছিল আইইডি (ইমপ্রোভাইজড ইলেকট্রনিক ডিভাইস) বা দূর নিয়ন্ত্রিত বোমা। এ ঘটনায় তেজগাঁও থানায় পুলিশের পক্ষ থেকে জিডি করা হয়েছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, সচিবালয়ের পাশে পল্টন মোড়ে পুলিশ বক্সের পাশে বোমাসদৃশ একটি বস্তু শনাক্ত করে পুলিশ সদস্যরা। পরে ঐ এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ডিবির বোমা নিষ্ক্রিয় টিম এসে তদন্ত করে দেখতে পায় যে বোমাটি তাজা। পরে রাত দেড়টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল গুলিস্তানে কর্তব্যরত পুলিশের ওপর বোমা হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়। ২৭ মে মালিবাগে পুলিশ ভ্যানে বোমা হামলায় এক পথচারী আহত হয়। এই দুইটি ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।