দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ২৪৩ কোটি ২৮ লাখ টাকার কয়লা আত্মসাতের অভিযোগে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক সাত ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল বুধবার দিনাজপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুইয়ার আদালতে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সামসুল আলমের পক্ষে দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান এই চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ মেট্রিক টন কয়লা আত্মসাতে জড়িত। যার বাজার মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা। চার্জশিটে যাদের নাম রয়েছে, তারা হলেন—বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক এমডি মো. মাহবুবুর রহমান, মো. আবদুল আজিজ খান, প্রকৌশলী খুরশীদুল হাসান, প্রকৌশলী কামরুজ্জামান, মো. আমিনুজ্জামান, প্রকৌশলী এসএম নুরুল আওরঙ্গজেব ও সাবেক এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ। এই সাত এমডির মধ্যে হাবিব উদ্দিন আহমেদ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। বাকি ছয় জনের সম্পৃক্ততা তদন্তে মিলেছে।
