কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২০ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশির একপর্যায়ে তিনটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের উপকূলীয় অঞ্চলে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

