উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধির ফলে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। নদীভাঙনে ইতিমধ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ, তিল্লী ২টি ইউনিয়নের পাকারাস্তা শতাধিক ঘরবাড়িসহ সহস্র বিঘা আবাদি জমি এবং শত শত গাছ-পালা নদীর গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক বসতভিটা।
এ ব্যাপারে নদীভাঙন এলাকার মানুষের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় নদীভাঙনের ভয়াবহ রূপ ধারণ করেছে। তারা আরো জানান, ভাঙনের প্রতিরোধ দ্রুত ব্যবস্থা না নিলে পাচুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর ইদগা মাঠ, আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
তিল্লী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের তিল্লী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সালাম, জাতীয় পার্টি জেপি’র মানিকগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র পাল ও যুবলীগ নেতা মোঃ রায়হান কবির (রুমান) জানান, পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গত ১০ দিনে তার এলাকায় শতাধিক বাড়িঘর নদীরগর্তে বিলিন হয়েছে। এ ছাড়া পাচুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিল্লীবাজার,তিল্লী উচ্চ বিদ্যালয় হুমকির মুখে রয়েছে।
