ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন নিম্ন আদালতে দোষী সাব্যস্ত সবাই। মুম্বাইয়ে ২০০৬ সালের ট্রেনে বোমা হামলার মামলায় দোষী সাব্যস্ত ১২ জনকে বেকসুর খালাস দিয়েছে ভারতের বম্বে হাইকোর্ট। খবর ডয়চে ভেলের।
এই হামলায় ১৮৭ জন নিহত এবং ৮০০ জনেরও বেশি আহত হয়েছিল। ২০১৫ সালে নিম্ন আদালত এই ১২ জনকে হত্যা, ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
কোর্ট জানিয়েছে, প্রসিকিউশন "প্রতিটি অভিযোগে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে অপরাধ প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।" অভিযুক্তদের অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাদের জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

