গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কে পাথরের স্তূপ রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। ওই সড়কের কোটালীপাড়া উপজেলার তাড়াশী ব্রিজের পূর্বপাশে দুই স্তূপ পাথর রাখা হয়েছে। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। গতকাল বুধবার ও গত মঙ্গলবার ওই স্থানে ছোটোখাটো ১০টি দুর্ঘটনা ঘটেছে। পাথর সরিয়ে নেয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
মোটরসাইকেল চালক শেখ জাবেরুল ইসলাম বাঁধন, ভ্যানচালক রুহুল আমিন বলেন, পাথরগুলো রাস্তায় ছড়িয়ে পড়েছে। এর ওপর দিয়ে মোটরসাইকেল ও ভ্যান চালানো যাচ্ছে না। একটু অসাবধান হলেই ভ্যান ও মোটরসাইকেলসহ ছোটোখাটো যানবাহন পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে।
কোটালীপাড়া উপজেলার তাড়াশী জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, তাড়াশি ব্রিজের পূর্বপাশে বিপজ্জনকভাবে পাথর রাখা হয়েছে। এতে গত দুদিনে আন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই জনস্বার্থে দ্রুত এ সড়ক থেকে পাথর সরিয়ে নিতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অনুরোধ করেছি।
গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হালিম খান বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ওই সড়কের সোল্ডার খোয়া দিয়ে ঢালাই করা হবে। ঠিকাদার ইটের খোয়ার পরিবর্তে সেখানে ভুল করে পাথরের খোয়া নিয়েছে। পাথর সেখানে স্তূপ করে রাখা হয়েছে। তারা বৃহস্পতিবারের মধ্যেই ওই সড়ক থেকে পাথর সরিয়ে নেবে। দ্রুত পাথর সরিয়ে নিতেই আমরা ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।
