ফেসবুকের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলেধরা গুজব ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে বেনুরায় অধিকারি বিনয় (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বিনয় লেহেম্বা গ্রামের দ্বিজেন্দ্র নাথ অধিকারির ছেলে ও দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: মানিকগঞ্জে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
পুলিশ জানায়, গত সোমবার বিনয় তার ফেসবুক আইডিতে রাণীশংকৈল মীরডাঙ্গীতে ২ জন ছেলেধরা একটি ছেলের গলাকাটতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে মর্মে পোস্ট দেয়। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মীরডাঙ্গী বাজার থেকে ছেলেধরা সন্দেহে নীলফামারি ডোমারের রশিদুল ইসলাম (২৭) ও দিনাজপুর বলেয়া গ্রামের সাকিবকে (২৫) জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ওসি আব্দুল মান্নান জানান, আটক রশিদুল পেশায় ঘটক ও সাকিব মানসিক রোগী বলে তারা নিশ্চিত হন এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু বিনয় কুমারের পোস্টটি ফেসবুকে থেকে যায়। পরে পুলিশ তল্লাসি করে বুধবার দুপুরে বিনয়কে পৌর এলাকা থেকে গ্রেফতার করে।এ ঘটনায় বিনয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করা হয়।
ইত্তেফাক/এমআরএম
