তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাব্য পথ খুঁজতে আবারও শান্তি আলোচনায় বসছে দুই দেশ। বুধবার (২৩ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
সোমবার (২১ জুলাই) রাতে দেওয়া নিয়মিত ভাষণে জেলেনস্কি বলেন, ‘‘আজ আমি নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে বন্দিবিনিময়ের প্রস্তুতি ও তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নিয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে।’’
জেলেনস্কির এই উদ্যোগ এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ থামানো না হলে রাশিয়ার ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা হবে।
রাশিয়া এখনো এই বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এক সূত্রের বরাতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার—দুই দিন আলোচনা হবে। তুরস্ক সরকারের এক মুখপাত্রের বরাতে এএফপি বলেছে, বুধবার ইস্তাম্বুলে আলোচনা হবে। গত মে ও জুন মাসের বৈঠকগুলোও একই জায়গায় হয়েছিল। তবে ওই সব আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়নি।
এই সপ্তাহের আলোচনায় বন্দিবিনিময় এবং ভবিষ্যতে জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে বড় ধরনের কোনো অগ্রগতির বিষয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “দুই পক্ষ এখনো সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে এবং অনেক কূটনৈতিক কাজ বাকি।”
এদিকে, রাশিয়া সম্প্রতি ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে এবং জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
