ছাতকে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৩৫

ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেহেদী হাসান রাব্বী (২০) নামের যুবককে ডেকে নিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মেহেদী হাসান রাব্বী ছাতক পৌর শহরের নোয়ারাই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐদিন রাব্বীকে কারখানার ৪নম্বর এলাকার বাজারে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত মেহেদী হাসান রাব্বীকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় রাতেই সে মৃত্যুবরণ করে।

ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ দেয়া হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে সদর উপজেলার রানী জুয়েলার্সের মালিক জয়দেব নাথকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে চন্দ্রগঞ্জের ন্যাশনাল হাসপাতাল ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জয়দেব নাথ। নিজ বাড়ির সামনে পৌঁছালে তার গতিরোধ করে চার/পাঁচ জন যুবক। এ সময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে টেনেহিঁচড়ে বাগানে নিয়ে যায় তারা। এক পর্যায়ে চিত্কার দিলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।