চীনের শ্যানডং প্রদেশে ব্যাপক বৃষ্টি, বন্যায় দুইজনের মৃত্যু, নিখোঁজ ১০

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮:১২

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশে টানা ভারি বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। প্রদেশটির জিনান শহরের লাইউ জেলায় মাত্র পাঁচ ঘণ্টায় প্রায় ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৩৬৪ মিলিমিটার (১৪ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা জিনান শহরের বার্ষিক গড় বৃষ্টিপাত ৭৩৩ মিলিমিটারের (২৮ দশমিক ৯ ইঞ্চির) প্রায় অর্ধেক।

প্রবল বৃষ্টির ফলে জিনানের পার্বত্য গ্রাম শিউজি এবং ঝুজিয়াউয়ের আশপাশে আকস্মিক বন্যা দেখা দেয়। পানির তোড়ে ভেসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৯টি বসতবাড়ি। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে চীনে বাড়ছে চরম আবহাওয়া, অতিবৃষ্টি ও বন্যার ঘটনা।

ইত্তেফাক/কেএইচ