মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এম এ হান্নান নামের এক ভুয়া চিকিত্সকের ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সজিবউদ্দিন স্বাধীন ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। মেডিক্যাল অফিসার সজিবউদ্দিন জানান, সদর উপজেলার আমঝুপির সামিউল টাওয়ারের দ্বিতীয়তলা ভাড়া নিয়ে চিকিত্সক নামধারী এম এ হান্নান সেখানে ডায়াগনস্টিক সেন্টার চালু করেছেন।
সেখানে অভিযান চালিয়ে দেখা যায় বিভিন্ন উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জেক্টেবল অ্যান্টিবায়োটিক, লিফলেট, প্রেসক্রিপশন প্যাড, রোগীর স্লিপসহ অন্যান্য যন্ত্রপাতি পাই।
এম এ হান্নান পিচ ব্লেড নামের এক ভুয়া ইউনিভার্সিটি থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রির কাগজ ম্যানেজ করে National Alternative Medical and Dental Council-এর কাছে থেকে নিবন্ধন নিয়েছেন। যেটি চিকিত্সকদের সনদ দেওয়ার জন্য বৈধ প্রতিষ্ঠান নয়। চিকিত্সকদের একমাত্র লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান Bangladesh Medical and Dental Council (BMDC) ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, ভুয়া সনদ নিয়ে চিকিত্সা কার্যক্রম চালানোর অপরাধে এম এ হান্নানের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
