মাছ চুরির অভিযোগে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতন, পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৬:০৬

রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ চুরির অভিযোগে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাটমাধনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগীর নাম মুজিবুর রহমান (৫৬)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুজিবুর রহমান হাটগাঙ্গোপাড়া এলাকার একটি আড়ত থেকে মাছ বিক্রি শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তার গতিরোধ করেন। তারা অভিযোগ করেন, মুজিবুর তাদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন। একপর্যায়ে মুজিবুরকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং বারবার চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টার দিকে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন।

মুজিবুর রহমানের বক্তব্য জানা সম্ভব না হলেও তার স্বজনরা জানান, জোঁকাবিলে মাছ চাষ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে পূর্বেও সহিংস ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, হাটমাধনগর গ্রামের আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলীসহ কয়েকজন পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুরকে গাছে বেঁধে নির্যাতন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবুল কালাম বলেন, মুজিবুর ও তার ভাই এবাদুর রহমান দীর্ঘদিন ধরে বিল থেকে মাছ চুরি করছেন। একাধিকবার হাতেনাতে ধরার পরও তারা এসব কাজ বন্ধ করেননি। এমনকি বিলের মুখে থাকা একটি জলকপাট খুলে দিয়ে মাছ ও পানি বের করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ গিয়ে মুজিবুরকে গাছে বাঁধা অবস্থায় পাননি। তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ না পেলে তাকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তিনি পুলিশ হেফাজতে আছেন।

ইত্তেফাক/আইএ