তালায় হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৪৬

তালা উপজেলার মুড়াগাছা গ্রামে জমি নিয়ে বিরোধে পতিপক্ষের হামলায় খালেক সরদার নিহতের ঘটনায় পাঁচজনের নামে থানায় মামলা হয়েছে। নিহতের চাচা আনার আলী চৌকিদার বাদী হয়ে মঙ্গলবার হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

তারা হলো, মুড়াগাছা গ্রামের মৃত মান্নান আলী সরদারের ছেলে জনাব আলী সরদার, তার মেয়ে নুরী বেগম এবং শরবানু বেগম।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত সোমবার সকালে খালেক সরদারের জমির ওপর দিয়ে বাড়ি থেকে যাতায়াতের রাস্তা নির্মাণের সময় প্রতিপক্ষরা হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত খালেক সরদারকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।