বন্যার কারণে বকশীগঞ্জ উপজেলার পল্লিবিদ্যুত্ লাইনের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে দুই সপ্তাহ ধরে বকশীগঞ্জ উপজেলার প্রায় আড়াই হাজার গ্রাহকের কাছে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। বানের পানি নেমে না যাওয়ায় বিদ্যুত্ লাইন সংস্কার করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বকশীগঞ্জ পল্লিবিদ্যুত্ সমিতি জানায়, বকশীগঞ্জ উপজেলায় পল্লিবিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৩৪ হাজার। এর মধ্যে মেরুরচর, সাধুরপাড়া, বগারচর ও নীলাক্ষিয়া ইউনিয়নের শতভাগ অঞ্চল বানের পানিতে ডুবে যায়। অথৈ পানিতে ডুবে যায় বাড়িঘর। অতিরিক্ত পানি, পানির স্রোতসহ নানা কারণে পল্লিবিদ্যুতের মূল লাইনসহ অনেক সাবলাইনের ক্ষতিগ্রস্ত হয়। সারা উপজেলায় প্রায় আড়াই হাজার পল্লিবিদ্যুত্ গ্রাহক দুই সপ্তাহ যাবত্ অন্ধকারে রয়েছে। এ ব্যাপারে বকশীগঞ্জ পল্লিবিদ্যুত্ সমিতির ডিজিএম ফরহাদ শিয়া জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু বিদ্যুত্ লাইন সংস্কারের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তারপরেও পল্লিবিদ্যুতের কর্মীরা দিনরাত কাজ করছে। বানের পানি কমা অব্যাহত থাকলে ৮ থেকে ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
