একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি ব্লেইম গেইম খেলছে বলে মন্তব্য করেছেন ১৪ দল নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেছেন, ওনাদের অভিযোগগুলো দেশে সুষ্ঠু, অবাধ নির্বাচনের পরিপন্থী। তারা একটা ব্লেম গেম খেলছে। যেই ব্লেম গেমের মধ্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে। সেটা এখন থেকেই বলা শুরু করেছে।
গতকাল মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দিলীপ বড়ুয়া বলেন, কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ৬টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ তারাও বিভিন্ন অভিযোগ করে গেছেন। ব্লেম গেমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে তারা তাদের ডিজাইনগুলোকে বাস্তবে রূপ দিতে চাচ্ছে। এজন্য আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সতর্ক থাকে।
সাবেক এ মন্ত্রী বলেন, আমরা বলেছি, নির্বাচনের পূর্বেও বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে তারা। এটা অতীত অভিজ্ঞতা। কারণ জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির মূল শক্তি হচ্ছে জামায়াতে ইসলাম। তারা দেশে এবং বিদেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্লান, প্রোগ্রাম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে। তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে দেশে রাজনৈতিক অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে, আগামী ১৩ তারিখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসমস্ত ব্যাপারগুলো উত্থাপন করবে। আমরা এটাও বলেছি, বিদেশি পর্যবেক্ষকেরা যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আব্দুর রহমান, জাতীয় পার্টি-জেপির এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদের নাদের চৌধুরী প্রমুখ।
