ইট দিয়ে গৃহবধূর শরীর থেঁতলে দিল শ্বশুরবাড়ির লোকজন!

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন রানী বেগম নামে এক গৃহবধূকে ইট দিয়ে শরীর থেঁতলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ রানী বেগম উপজেলার বলাইখা এলাকার আব্দুর নূরের মেয়ে।

গৃহবধূর বাবা আব্দুর নূর জানান, ৮ বছর আগে উপজেলার আমলাবো এলাকার শরাফতুল্লাহর ছেলে মোসা মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রানী বেগম ও স্বামী মোসা মিয়ার বিভিন্ন বিষয়ে কলহ লেগে থাকত। বুধবার সকালে মোসা মিয়ার ভাই শহীদ, হাবিবুল্লাহ, বোন আমেনা আক্তার, শিরিনা, রিনা আক্তারের সঙ্গে গৃহবধূ রানী বেগমের পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন রানী বেগমের শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেঁতলে জখম করে। তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শ্বশুরবাড়ির লোকজন তাকে ফেলে নিজেদের ঘরে চলে যায়। পরে স্থানীয়রা রানী বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ধরনের ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।     

মধুখালী থেকে বৃদ্ধা নিখোঁজ

রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকা থেকে ফজিলা  খাতুন নামে ৭০ বছরের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তিনি মধুখালী এলাকার মরহুম আব্দুল করিম মোল্লার স্ত্রী। ফজিলা খাতুনের নাতি আল আমিন মোল্লা জানান, তার দাদা আবদুল করিম মোল্লা মারা যাওয়ার পর থেকে দাদী ফজিলা খাতুন কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে দেখাশুনা করতেন তার মেয়ে শাহীদা বেগম। মঙ্গলবার শাহীদা বেগম তার স্বামীর বাড়ি দড়িকান্দি গেলে ফজিলা খাতুন হঠাত্ বাড়ি থেকে বেড়িয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আল আমিন বলে, কোনো সহূদয় ব্যক্তি তার দাদীর খোঁজ পেলে যেন তাকে ফোন করে জানান। আল আমিনের ফোন নাম্বার: ০১৯২০৮০৮২৫৬।