সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ছেলেধরার গুজবের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্কুলে স্কুলে প্রচারণা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার কয়েকটি স্কুলে প্রচারণা চালানো হয়েছে। এ সময় পুলিশ গুজবে কান না দিয়ে কাউকে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে দেড় হাজার শিক্ষার্থীর উদ্দেশে এ আহ্বান জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ। তিনি এ সময়ে মাদকবিরোধী বক্তব্যও রাখেন।
সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দেড় হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এ সচেতনতামূলক অনুষ্ঠানে জেলা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ্ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়াসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে প্রচারণায় অংশ নিয়ে শিক্ষার্থীদের প্রতি একই আহবান জানান। এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
