সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:২৪

সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শাহাবুদ্দিন আহমেদ টিটু (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আটি ওয়াপদা কলোনি এলাকার পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, সকালে স্কুলে কোচিং করতে গেলে ইংরেজি শিক্ষক শাহাবুদ্দিন ঐ ছাত্রীকে তার কক্ষে ডেকে নেয়। তখন ছাত্রীর শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা করেন ঐ শিক্ষক। ঐ ছাত্রী বাধা দিয়ে কান্নাকাটি করতে থাকে। ঐ শিক্ষক ছাত্রীকে এ কথা গোপন রাখার জন্য মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। পরে ছাত্রীটি বাড়ি গিয়ে এ ঘটনা তার মাকে জানায়। ছাত্রীর মা থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু সাইদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। শাহাবুদ্দিনের বাবার নাম হাশেম উদ্দিন। বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভাঙ্গাখালী গ্রামে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানায়, যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।