স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে!

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:৫২

প্রযুক্তি জগতের অন্যতম কিংবদন্তি স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবস গাঁটছড়া বাঁধলেন ব্রিটিশ অলিম্পিয়ান ও খ্যাতনামা ইকুয়েস্ট্রিয়ান হ্যারি চার্লসের সঙ্গে। ব্যক্তিগত এই গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ইতোমধ্যেই তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, রাজকীয় আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়েতে ব্যয় হয়েছে আনুমানিক ৬.৭ মিলিয়ন ডলার। তাদের প্রেমের শুরু ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে, সেখান থেকেই এক রূপকথার গল্পের সূচনা।

কে ইভ জবস?
১৯৯৮ সালের ৯ জুলাই ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে জন্মগ্রহণ করেন ইভ। স্টিভ জবস ও লরেন পাওয়েল জবসের চার সন্তানের মধ্যে তিনিই সবচেয়ে ছোট। নিজেও একজন দক্ষ ইকুয়েস্ট্রিয়ান। ২০২১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পাশাপাশি, মডেল হিসেবেও ফ্যাশন জগতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে তার আনুমানিক নিট সম্পদ প্রায় ১০ লাখ মার্কিন ডলার, যা মূলত মডেলিং ও ঘোড়দৌড় প্রতিযোগিতা থেকে আয় করা। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৪ লাখ ৮ হাজারের বেশি, এবং সোশ্যাল মিডিয়া পার্টনারশিপ থেকে প্রতি পোস্টে গড়ে ৭০,০০০–৯৫,০০০ ডলার পর্যন্ত আয় করেন।

কে হ্যারি চার্লস?
হ্যারি চার্লস (জন্ম ১৯৯৯) ব্রিটিশ অলিম্পিক শো জাম্পার। অংশ নিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকসহ আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায়। তার বাবা পিটার চার্লস ২০১২ অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। পারিবারিকভাবে ইকুয়েস্ট্রিয়ান ঘরানায় বেড়ে ওঠা হ্যারি নিজেও এই খেলা নিয়ে পেশাগতভাবে জড়িত।

এই বিয়ে প্রযুক্তি ও ফ্যাশন—দুই জগতেই দারুণ কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটি যেন একেবারে আধুনিক যুগের রাজকুমারী ও রাজপুত্রের গল্প।

ইত্তেফাক/এমএএস