মিরপুরের উইকেট নিয়ে সাফাই গাইলেন লিটন

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৫:১৭

মিরপুরে খেলা হলেই আলোচনায় থাকে সেখানকার উইকেট। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও উইকেট নিয়ে আলোচনা কম হয়নি। পাকিস্তান কোচ মাইক হেসন মিরপুরের উইকেটের সমালোচনা করেছিলেন। পাকিস্তান অধিনায়ক সালমান আগাও ক্ষোভ ঝেড়েছিলেন।

যদিও টাইগার অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ভিন্ন সুর। তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে তিনি বলেন, ‘না এটা ভালো উইকেট ছিল। আগের দুই ম্যাচ যে খেললাম ওইটার চেয়ে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আমাদের বোলিং ইউনিট খুবই ভালো করেছে। অধিনায়ক হিসেবে মনে করি, ১৮০ চেইজ করার মতো ছিল। ব্যাটিং ইউনিট ক্যালকুলেটিভ খেলাটা খেলতে পারেনি।’

লিটন আরও বলেন, ‘কিছুদিন আগে সেন্ট ভিনসেন্টে বিশ্বকাপ খেললাম একই ধরনের উইকেটে। সিরিজ না বিশ্বকাপে। ১৩০, ১৪০ রানও বেশি ছিল। ক্রিকেটে এমন থাকবে কিছু কিছু দিন। প্লেয়ার হিসেবে আমাদের মানিয়ে নিয়ে খেলাটাই কাজ। প্রথম দুই ম্যাচে আমরা পেরেছি, তারা পারেনি। আজকে আমরা পারিনি তারা ভালো খেলেছে।’

ব্যাটারদের জ্বলে উঠতে না পারা প্রসঙ্গে লিটন জানান, ‘না দুঃসংবাদ না। ভালো ক্রিকেট খেলিনি। আগের ৪ ম্যাচ টপ অর্ডারে কেউ না কেউ রান করেছে। শেষ ম্যাচ বাদে সব ম্যাচে টপ অর্ডার রান করেছে। ক্রিকেট খেলায় কারও ওপর নির্ভর করা উচিত না। সুযোগ পেলে সবাইকেই ভালো করতে হবে। আজকে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং ইউনিট আজকে ব্যর্থ হয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ