বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দিচ্ছেন সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৫:০২

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের পাঁচ সদস্যের আরেকটি চিকিৎসক দল ঢাকায় পৌঁছান। একইসঙ্গে এদিন সন্ধ্যায় ঢাকায় এসেছে চীনার পাঁচ সদস্যের একটি মেডিকেল টিমও ঢাকায় এসেছে। 

চীনা দূতাবাস জানিয়েছে, চীনা ও বাংলাদেশি চিকিৎসা বিশেষজ্ঞরা অগ্নিদগ্ধদের চিকিৎসার লক্ষ্যে ভিডিও পরামর্শ করেছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের অনুরোধে চীনের জরুরিভাবে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের একটি দলকে বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও পরামর্শ পরিচালনা করার জন্য আয়োজন করে। সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন এবং যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে যোগ দেন।

এদিকে সিঙ্গাপুরের এই মেডিকেল টিমের সদস্যরা কারিগরির পাশাপাশি পেশাগত সহায়তাও দেবেন বলে জানা যায়।

উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

ইত্তেফাক/এনটিএম