ছেলেধরা সন্দেহে ৪ জনকে পুলিশে সোপর্দ, মানসিক প্রতিবন্দিকে গণপিটুনি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:২৯

দেশে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা কিংবা গুরুতর জখম করার যে ন্যক্কারজনক চর্চা শুরু হয়েছিল, সচেতন মহল এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রচারণার কারণে তা কিছুটা কমেছে। গতকাল কেবলমাত্র এক মানসিক প্রতিবন্দ্বীকে ছেলেধরা সন্দেহে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে একই সন্দেহে চার জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

এদিকে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বাসা ভাড়া নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। ঘটনার ?পাঁচ দিন পর নিহত ওই নারীর স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে তাকে শনাক্ত করেছেন। নিহতের নাম সালমা বেগম (৩৭)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মুসলিমাবাদ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় ছেলেধরা সন্দেহে শায়লা বেগম (৩৬) নামে এক নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক প্রতিবন্ধী। বুধবার সকালে উপজেলার বিশনন্দী দয়াকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। পরে তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে ছেলেধরা সন্দেহে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বেলা ১১টার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের নিউ মুসলিম ছাত্রাবাসের সামনে থেকে ববিতাকে এবং দুপুর ১২টার দিকে রূপগঞ্জ বাসস্টান্ড থেকে হাসানকে স্থানীয় জনগণ ধরে পুলিশে সোপর্দ করে। ববিতা নারায়ণগঞ্জের বন্দর থানার জহরার গ্রামের শওকত হোসেনের স্ত্রী এবং হাসান পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বৌদ্ধ পাশা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তারা দু’জনই বুদ্ধি প্রতিবন্দ্বী। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

রাজশাহী স্টাফ রিপোর্টার জানান, সাবেক স্বামী-স্ত্রী পুনরায় সংসার করার আগ্রহে দেখা করতে এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এসময় তাদের সাথে এক শিশু থাকায় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাদের আটক করে পুলিশে তুলে দেয়। বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খারিজাগাথি এলাকায় এই ঘটনা ঘটে।

রাণীশংকৈলে গুজব ছড়ানোর

দায়ে যুবক গ্রেফতার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ফেসবুকে উপজেলায় ছেলেধরা গুজব ও আতঙ্ক ছড়ানোর দায়ে বুধবার পুলিশ পৌর এলাকা থেকে বেনুরায় অধিকারী বিনয় (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। বিনয় লেহেম্বা গ্রামের দ্বিজেন্দ  নাথ অধিকারীর ছেলে ও দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, সোমবার বিনয় তার ফেসবুক আইডি থেকে রাণীশংকৈল মীরডাঙ্গীতে ২ জন ছেলেধরা একটি ছেলের গলাকাটতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে মর্মে একটি পোস্ট দেয়। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।