আলমডাঙ্গায় এক মাদ্রাসাছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কয়রাডাঙ্গা এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার পাশের একটি ইটভাটার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার এশার নামাজের পর থেকে সে নিখোঁজ ছিল। নিহত ছাত্র আবির হুসাইন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের আলি হোসেনের ছেলে। ছয় মাস আগে সে ঐ মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ভর্তি হয়। এদিকে এ ঘটনার পর র্যাবের একটি বিশেষজ্ঞ দল গতকাল বিমানযোগে ঘটনাস্থল পৌঁছে এবং বিষয়টি তারা তদন্ত করে দেখছে।
মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ ইত্তেফাককে জানান, আবির মঙ্গলবার এশার নামাজের পর মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও রাতে আর তাকে পাওয়া যায়নি। গতকাল সকাল ৭টার দিকে খাদিমপুর মোড়ের ইটভাটার পার্শ্ববর্তী আমবাগানে মস্তকবিহীন একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে আমবাগানে পড়ে থাকা মৃতদেহটি নিখোঁজ আবিরের বলে নিশ্চিত করেন মাদ্রাসার মুহতামিম। তবে তার কাটা মাথা পাওয়া যায়নি।
এদিকে সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ (সদর সার্কেল) ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা হত্যাকারীর বিচার দাবিতে শ্লোগান দিতে থাকে। পুলিশ খুনিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়ে গ্রামে মাইকিং করলে গ্রামবাসী নিবৃত হয়। যদিও অভিভাবকদের তাদের সন্তানদের মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যেতে দেখা যায়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। হত্যার মূল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
