শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার বিষয়টি ভিত্তিহীন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪০

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার খবরটি সঠিক নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাসহ সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে বিএনপির এক প্রার্থী এসএম জিলানী ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এজেএম অপুর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। বাকি পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা, বিএনপির আরেক প্রার্থী এসএম আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মারুফ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকির ও মো. এনামুল হক।

মঙ্গলবার কিছু সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার খবর প্রকাশিত হলে এ নিয়ে   বিভ্রান্তির সৃষ্টি হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানিয়েছেন, এ ধরনের সংবাদ মিথ্যা। এ আসনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপিসহ পাঁচ প্রার্থী মাঠে রয়েছেন। তারা কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কাজেই শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার বিষয়টি গুজব। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী ইতিমধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের জন্য জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করেছেন।