রবীন্দ্রসংগীতের আসর বসেছিল রাজধানীতে। কবির প্রেম, পূজা, বর্ষা পর্বের নানান গান দিয়ে রবীন্দ্রনাথকে মূর্ত করে তুললেন শিল্পীরা। কবির গানের কথা ও সুরে সুরে মিলনায়তন ভরে উঠল। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সুরের আসর। আয়োজনটি করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় জাতীয় সংগীত। পরে পরিবেশিত হয় সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের গান ‘আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও’। এর পরই দেশের স্বনামধন্য শিল্পীদের একক কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত। বরেণ্য সংগীতশিল্পী স্বপন দত্ত পরিবেশন করেন ‘চাই তোমার আনন্দ আয়োজন’। আরেক শিল্পী হাসি বিশ্বাসের কণ্ঠে পরিবেশিত হয় ‘আনন্দধারা বহিছে ভুবনে’। শিল্পী ফাহিম হোসেন চৌধুরী গেয়ে শোনান ‘মোর হূদয়ে গোপন বিজন ঘরে’। শিল্পী হাবিবুর রহমান তিমুন পরিবেশন করেন ‘মেঘ বলেছে যাব যাব’। শিল্পী মাহবুবুর রহমান মঞ্জুর কণ্ঠে পরিবেশিত হয় ‘আমি তোমার প্রেমে হব সবার’।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে একক কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী ড. ফারহাত হোসেন, নাহার জামিল, মজিবুল কাইয়ুম, মেজবাহুল আযম মঞ্জু, ইফফাত আরা দেওয়ান, বদরুন্নেসা ডালিয়া, সারোয়ার হোসেন বাবু, আদ্রিতা আনোয়ার, মিলন দেব, বুলবুল মহলানবীশ, ঝর্ণা রহমান প্রমুখ। শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গত করেন রাজু চৌধুরী ও ফারুক, কিবোর্ডে ছিলেন ইফতেখার হোসেন সোহেল এবং এসরাজে অসিত দে।
