ট্যানারি থেকে চুরি করা পনেরো লাখ টাকার চামড়া উদ্ধার, দুই চোর গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৩১

সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্পনগরী এলাকার মেসার্স রাইসা লেদার ট্যানারিতে রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৫ লাখ টাকা মূল্যের ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার করা হয়েছে। এ সময় চামড়া চুরির সাথে জড়িত ২ চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার খাগুরিয়া গ্রামের মোঃ বাহারের ছেলে মোঃ রাসেল (৩৫) এবং বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৫৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান, গত ৬ জুলাই সকাল সাড়ে ৮টায় সাভার চামড়া শিল্পনগরীর মেসার্স রাইসা লেদার ট্যানারির ম্যানেজার মোঃ জোনায়েদ হোসেন পলাশ ফ্যাক্টরিতে এসে কিছু মালামাল কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় রাতে অজ্ঞাতনামা চোরেরা জানালা দিয়ে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার স্কোয়ার ফিট চামড়া চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার ট্যানারির ম্যানেজার মোঃ জোনায়েদ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় একটি চুরি মামলা (নং-৬৮) দায়ের করা হয়।

এরপর গত ২৪ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ ও আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/এএম