ইসরায়েলি বিমান বাহিনীর দিনভর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ জন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর এই অভিযান চলাকালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে তারা। এর জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
প্রায় ১৫ মাস ধরে চলা এই অভিযান যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে গত ১৯ জানুয়ারি সাময়িকভাবে বন্ধ করে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই, গত ১৮ মার্চ থেকে গাজায় দ্বিতীয় দফা অভিযান শুরু করে আইডিএফ। এই দ্বিতীয় দফার অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৮ হাজার ৫২৭ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩১ হাজার ৯৩৪ জন ফিলিস্তিনি।
হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
গাজায় চলমান অভিযান বন্ধের আহ্বান জানিয়ে এখন পর্যন্ত একাধিকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। এমনকি, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।
তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাসকে পুরোপুরি নিঃশেষ এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
