অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করতে ডিসেম্বরের মধ্যে ১ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিনবে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এসব মেশিন এবং সামগ্রী কিনতে সরকারের ব্যয় হবে ৩১৫ কোটি ৮৮ লাখ টাকা। প্রথমেই আমরা ১০ হাজার ইএফডি মেশিন কিনব। প্রতিটি প্রায় ৩২ হাজার টাকা হারে এ মেশিন সরবরাহ করবে চীনা কোম্পানি এসজেডজেডটি। দুই বছরে আমাদের প্রায় ২ লাখ মেশিন প্রয়োজন হবে। ধীরে ধীর আমরা এসব মেশিন কিনব।
অর্থমন্ত্রী বলেন, এ মেশিনগুলো আমরা ব্যবসায়ীদের দেব। এর মূল্য ব্যবসায়ীদের পরিশোধ করতে হবে। দাম পরিশোধে দীর্ঘসময় দেওয়া হবে, যাতে তারা কিস্তিতে পরিশোধ করতে পারেন। সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, তাদের অভিজ্ঞতা আছে। সে জন্যই ১০ হাজার দিলাম। না হলে একবারে ১ লাখ দিতাম। তিনি আরো বলেন, এতগুলো মেশিন একটি প্রতিষ্ঠান থেকে কেনা হলে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আমাদের পুরো প্রক্রিয়া সমস্যায় পড়বে। তাই অল্প অল্প করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এগুলো কেনা হবে। মেইন সার্ভার দেখাশোনা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
উল্লেখ্য, হোটেল, মিষ্টির দোকান, আসবাবপত্র বিপণন কেন্দ্র, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, মেট্রোপলিটনে অবস্থিত শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, অন্যান্য বড়ো, মাঝারি পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন বাধ্যতামূলক করেছে সরকার। চলতি অর্থবছর থেকেই এটির ব্যবহার শুরু হবে।
