টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবকসহ নিহত দুই

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:৪০

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবকসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বিজিবির তিন সদস্য। বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের পূর্ব লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে ১ লাখ পিস ইয়াবা, দুটি দেশীয় এলজি, তিন রাউন্ড তাজা কার্তুজ, দুটি কিরিচ ও একটি নৌকা জব্দ করা হয়েছে।  

নিহতরা হলেন :টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবু শামার ছেলে মো. হাবিবুর রহমান (২৩) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২ এর বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. কামাল (২২)।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদরে অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাতে মিয়ানমার হতে একটি ইয়াবার চালান নাফনদী হয়ে পূর্ব লেদা খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন খবর পেয়ে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পূর্ব লেদা হাই স্কুল সংলগ্ন খালে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন লোককে হাতে পোটলা নিয়ে সামনের দিকে আসতে দেখলে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবি সদস্য মফিজুর রহমান (২৪), উজ্জ্বল হোসেন (২৬) ও ইমরান হোসেন (২৪) আহত হন। তখন বিজিবিও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় অজ্ঞাত দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাদেরকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজারে পাঠানো হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের পরিচয় শনাক্ত করে। শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে।