প্রিয়া সাহাকে গ্রেফতার ও দুটি সংগঠন নিষিদ্ধের দাবি আল্লামা শফীর

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:৪৪

হেফাজত আমির ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘প্রিয়া সাহা ট্রাম্পের কাছে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নালিশ দিয়ে আন্তর্জাতিক বিশ্বে আমাদের মাতৃভূমির ইমেজ কলঙ্কিত করেছে। এই মিথ্যাচার দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে সাম্রাজ্যবাদী চক্রান্ত সফল করার গভীর ষড়যন্ত্রের অংশ।’ তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রিয়া সাহাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ’ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধ করুন। অন্যথায় দেশপ্রেমিক তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।’

গতকাল বুধবার বিকালে হাটহাজারী ডাক বাংলো চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা নাসির উদ্দিন মুনির, অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা জাকারিয়া নোমান ফয়জি প্রমুখ।