কক্সবাজারের ছয় ইউপিতে উপ-নির্বাচন আজ

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৩:৫৪

কক্সবাজারের চার উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন পদে আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদের বিপরীতে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছয় ইউনিয়নের মধ্যে, চকরিয়ার ফাঁসিয়াখালী, টেকনাফের হ্নীলা এবং কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে। পাশাপাশি মহেশখালী উপজেলার শাপলাপুর এবং টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া সংরক্ষিত মহিলা সদস্য এবং চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া সাধারণ সদস্য (মেম্বার) পদে অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন।

আরও পড়ুন: ঢাকায় টি-২০ ম্যাচ খেলবেন তারকারা

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে বুধবার সন্ধ্যার আগেই নির্বাচনী মালামাল পাঠিয়ে দেয়া হয়েছে। পৌছে গেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। তাদের মধ্যে টেকনাফ উপজেলায় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুতুবদিয়া উপজেলায় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চকরিয়া উপজেলায় ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহেশখালী উপজেলায় ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে দেয়া হচ্ছে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ সদস্য।

তিনি আরো জানান, নির্বাচন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে ঘটনাস্থলেই সুষ্ঠু বিচার নিশ্চিত করাসহ ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতেই তাঁদের এই নিয়োগ।

এদিকে, উপ-নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় প্রতীকে একজন মাঠে থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় আরো একাধিক প্রার্থী মাঠে লড়ছেন।

ইত্তেফাক/এমআরএম