বিশ্ব ক্রিকেটে পাওয়ার-হিটিংয়ের পথপ্রদর্শক হিসেবে পরিচিত জুলিয়ান উড। আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপে দলের ব্যাটিং বিভাগে আগ্রাসন বাড়াতে বিশ্বখ্যাত এই পাওয়ার হিটিং গুরুকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। জানা গেছে, আগামী মাসে তিন সপ্তাহের জন্য ঢাকায় এসে টাইগারদের সঙ্গে কাজ করবেন ইংল্যান্ডের এই প্রখ্যাত কোচ। সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
নানান টালবাহানার পর গেল পরশু ১৭তম এশিয়া কাপের চূড়ান্ত সূচি এবং ভেন্যু নিশ্চিত করে এসিসি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসরটি। এবারের টুর্নামেন্টে গ্রুপ 'বি'-এ রয়েছে বাংলাদেশ। সেখানে লিটনদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের আগে আপাতত কোনো খেলা নেই টাইগারদের। তাই কোনোরকম ম্যাচ খেলা ছাড়াই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
যদিও বিসিবি জানিয়েছে যে, তারা প্রতিপক্ষ খুঁজছে অন্তত একটা সিরিজ আয়োজন করার। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেপাল অথবা নেদারল্যান্ডস। যদিও আলোচনা চলছে নিশ্চিত নয়। তবে ম্যাচ হোক বা না হোক, টাইগারদের এশিয়া কাপের জন্য ক্যাম্প শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই। আর এই ক্যাম্পেই লিটন-হৃদয়দের নিয়ে পাওয়ার-হিটিং দক্ষতা বাড়াতে কাজ করবেন জুলিয়ান উড।
ক্রিকবাজের তথ্য মতে, আগামী ৬ আগস্ট থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের ক্যাম্প। যেখানে উড থাকবেন ব্যাটারদের শট নির্বাচনে বৈচিত্র্য ও শক্তি বাড়ানোর মিশনে। গণমাধ্যমটিকে জুলিয়ান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'আমি সিমোর (টাইগার হেড কোচ ফিল সিমন্স) সঙ্গে কথা বলেছি। আসলে, আগস্টে তিন সপ্তাহের জন্য আসবো আমি-এটাই এখন পর্যন্ত জানি। যদিও এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভাবনা অনেক বেশি।'
এ সময় বিসিবি চাইলে মেয়াদ বাড়িয়ে এশিয়া কাপেও দলের সঙ্গে রাখতে পারবে জুলিয়ানকে। লিটনদের নিয়ে তিনি আরও বলেন, 'বাংলাদেশ দলে বরাবরই প্রতিভার অভাব ছিল না। কিন্তু আধুনিক সাদা বলের ক্রিকেটে শুধু প্রতিভা নয়, পাওয়ার-হিটিং দক্ষতা অপরিহার্য। আমি তাদের শেখাব, কীভাবে শক্তি তৈরি ও ব্যবহার করতে হয়।'
ইংল্যান্ডের সাদা বলের বিপ্লবের অন্যতম কারিগর হিসেবে পরিচিত উড। আইপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে বাংলাদেশে যে তিনি এবারই প্রথম আসছেন, বিষয়টি এমন নয়। এর আগেও তাকে দেখা গিয়েছিল দেশের ক্রিকেটে। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আগেও কাজ করেছেন বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। তবে এবার কাজ করবেন কোনো ফ্রাঞ্চাইজির হয়ে না, সরাসরি জাতীয় দলে।
এ দিকে দলকে শুধু টেকনিক নয়, মানসিকভাবে প্রস্তুত করতে ক্রীড়া মনোবিদও নিয়োগ দিচ্ছে বিসিবি। শোনা গেছে, এইচপি দলের (হাই-পারফরম্যান্স) সাবেক মনোবিদ ডেভিড স্কটকে ফেরানোর প্রক্রিয়া চলছে। তার সঙ্গে স্থানীয়দেরও যুক্ত করে দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে।
