রোহিঙ্গাদের নিপীড়নের বিবরণ শুনলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নিধন অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নিপীড়নের কথা শুনলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘আমি বাংলাদেশে নতুন এসেছি। এখানে এসেছি আপনাদের দেখতে এবং সুখ-দুখের কথা শুনতে।’

রাষ্ট্রদূত মিলারসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম  সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রিত কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গাদের বলেন, আপনাদের বাড়ি-ঘরসহ যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হলে রাখাইনে ফিরে যাবেন কি না? জবাবে এক রোহিঙ্গা নেতা বলেন, আমাদের এখানে আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না। আমরা যেকোনো সময়ে স্বদেশে ফিরে যেতে রাজি আছি। তবে মিয়ানমারে অবস্থানরত অন্যান্য জাতিগোষ্ঠীর মতো আমাদেরকেও সম্পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। তাও আবার জাতিসংঘের সার্বিক নিরাপত্তার অধীনে।  

পরে মার্কিন রাষ্ট্রদূত দুপুর দেড়টার দিকে বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন ইউএনএইচসিআর নির্মিত ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে সদ্য মিয়ানমার থেকে আসা ৯ সদস্যের দুই পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে চান, তারা কেন এসেছেন। এসময় মিয়ানমারের বুচিদং নাইক্ষ্যংপাড়া থেকে আসা আমান উল্লাহ (৫৫) জানান, সেখানে মিয়ানমার সেনা ও রাখাইন, উগ্রবাদী জনগোষ্ঠী পাড়ায় পাড়ায় গিয়ে এনভিসি কার্ড নেওয়ার জন্য চাপ দিচ্ছে। বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। এ কারণে তারা বাধ্য হয়ে বাংলাদেশে এসেছে। তাদের সাথে কথা বলার পর মার্কিন রাষ্ট্রদূত বালুখালী ময়নারঘোনা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত রোহিঙ্গাদের বেশ কয়েকটি থাকার ঘর ঘুরে দেখেন। পরে ময়নারঘোনা ক্যাম্প ও ব্লকের ৫০ জন মাঝি ও ব্লক মাঝির সঙ্গে কথা বলেন।