২৬ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে নাছির

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৯:১০

টানা ২৬ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী। বয়স প্রায় ৬০, কিন্তু জীবন থেমে থাকেনি তার জন্য। মুক্তির ১১ মাসের মাথায় তিনি বিয়ে করেছেন হাটহাজারীর কুলসুমা বেগমকে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তাদের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নাছিরের বিরুদ্ধে ছিল জোড়া খুন, অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ৩৬টি মামলা। এর মধ্যে ৩১টি মামলায় তিনি খালাস পান। দুটিতে সাজা হলেও তা কারাভোগে ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি তিনটি মামলার মধ্যে দুটি আগে থেকেই জামিনে, আর শেষ মামলায় জামিন পান ২০২৩ সালের ১১ আগস্ট। এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারা সূত্র জানায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে বন্দি ছিলেন নাছির। দীর্ঘ ২৬ বছর পর মুক্তি পান তিনি। বর্তমানে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা এখনও বিচারাধীন।

নাছিরের বড় বোন লিলি আক্তার গণমাধ্যমে জানান, ভাইয়ের বিয়ে হয়েছে ১৫ লাখ টাকা দেনমোহরে। মেয়ের পক্ষ থেকে কোনো যৌতুক নেওয়া হয়নি। এখন তাঁর ভাই সংসারী হয়ে শান্তিতে জীবনযাপন করতে চান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ অক্টোবর চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় পাঁচ বছরের সাজা হয় তাঁর। ২০০৮ সালে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পেয়েছিলেন। তবে ২০১৫ সালের ২৪ মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় তিনি খালাস পান।

১৯৯৪ সালের ২০ নভেম্বর জমির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি হত্যা মামলাসহ হাটহাজারীর তিনটি খুনের মামলায়ও খালাস পান নাছির।

নাছিরের আইনজীবী মনজুর আহমেদ আনসারী দাবি করেন, 'নাছির রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে মিথ্যা মামলার শিকার হন। তাই একে একে সব মামলায় খালাস পেয়েছেন।'

নাছির বলেন, 'সুখী দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া চাই। এখন আমি ব্যবসা করে শান্তিতে জীবন কাটাতে চাই।'

এদিকে নাছিরকে নিয়ে নানা সময় ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও শিবির চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার সভাপতি তানজীর হোসেন বলেন, 'নাছির কখনো শিবিরের কোনো সংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। হয়তো শিবিরের ভালো কাজের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে নামের সঙ্গে শিবির যুক্ত হয়ে গেছে।'

ইত্তেফাক/আইএ