দিনাজপুরের বিরামপুর উপজেলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি ১৭ বছর এবং অপর আসামি পাঁচ বছরের সাজা এড়াতে দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিরামপুর থানা পুলিশ রাজধানী থেকে গ্রেপ্তারের পর দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে তাদের।
থানার উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর উপজেলার কাটলা গ্রামের জবেদ আলীর ছেলে বগা মিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে বিরামপুর থানার ৮৮নং জিআর মামলা হয় এবং পরবর্তীতে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে ১৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন বগা। অপরদিকে দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের অফিল উদ্দিনের ছেলে হারুনুর রশিদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় ২০০৭ সালে ১০৩ নং জিআর মামলা হয় এবং পরবর্তীতে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। মামলার পর থেকে ১৮ ধরে আত্মগোপনে ছিলেন হারুন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামি বগা ও হারুনকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
