সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৯ কোটিরও বেশি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ জুলাই) মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখিত সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। এছাড়াও, তার নামে খোলা ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মিলে প্রায় ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহভাজন লেনদেন হিসেবে চিহ্নিত হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন টানা পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

