বাংলাদেশে আরও ১৮ জনকে পুশ ইন করলো বিএসএফ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৯:৪১

মেহেরপুরের গাংনীতে আরও ১৮ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাজিপুর সীমান্ত পিলার ১৪৫ এলাকা থেকে বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

কাজিপুর বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরের পর বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশি ১৮ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করায়। তারা যেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে যেতে না পারে, সেজন্য দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, বিজিবি তাদের বিভিন্ন ক্যাম্পে আটক করে। এর মধ্যে কাজিপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন এবং মথুরাপুর ক্যাম্পে ৬ জনকে হেফাজতে নেওয়া হয়। পুশ ইন হওয়া ব্যক্তিরা মূলত ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন, যশোর জেলার অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলের তুহিন শেখ (২৬), একই গ্রামের ইলিয়াস মোল্লার মেয়ে ময়না (২২), খুলনা জেলার দিঘিলিয়া উপজেলার লাউহাটি গ্রামের একরাম হোসেনের মেয়ে লতা (২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া গ্রামের ছাত্তার হোসেনের মেয়ে তানিয়া খাতুন (২৮)। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানার উজিরমনি  ইদ্রিস আলী ছেলে ইকরামুল ইসলাম  (৫৫), একই উপজেলার চচপাড়া গ্রামের আ. কাদের ছেলে হাসিরুল (২৮), বারিসা গ্রামের সুবহান আলী ছেলে শাহ আলম (১৮), কাচকালি ভানুর গ্রামের আ. হামিদের ছেলে জাকির আলী (২৫), ঘেরবাড়ি গ্রামের ইব্রাহিমের ছেলে উছিরুল (২৮), রতনদিঘী গ্রামের মৃত ইসাহকের মেয়ে ফাতেমা (৪০), রানীসংকেল উপজেলার বলতচা গ্রামের আকবর আলীর ছেলে সোহেল (৩২), কাশিপুর গ্রামের ছলিম উদ্দিন ছেলে আ. কাদের (৩০), নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রাজ শেখ ছেলে মহাসিন শেখ (৩১), সদর থানার কাঠাদূরগ্রামের টুটুল মন্ডল (৫৫), কালিয়া উপজেলার সিদ্দিক শেখ ছেলে বরকত শেখ (২২)।

বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের পরে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের ভিতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। এরপর ১৮ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটকরা জানান, তারা সবাই বাংলাদেশি। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে। তাদের আটক করে কাজিপুর সীমান্তে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়। পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে। এর মধ্যে কাজিপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে তিনজন এবং মথুরাপুর ক্যাম্পে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবি তাদের হস্তান্তর করলে পরিচয় যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএএস