শ্রীলংকার বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি হিটলারের মতো আচরণ করবেন না। সংবিধানকে অগ্রাহ্য করবেন না। কারণ আমরা আপনাকে সেই ক্ষমতা দিইনি। খবর এনডিটিভি’র
প্রেসিডেন্ট সিরিসেনা বরখাস্ত করলেও প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করেননি রনিল বিক্রমসিংহ। তিনি বাসভবন ত্যাগ করবেন না বলেও জানিয়েছেন। রনিল বলেছেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি আমার পক্ষে। তাই প্রেসিডেন্টের উচিত আমাকে প্রধানমন্ত্রীর পদে পুনরায় নিয়োগ করা। যদিও প্রেসিডেন্ট বলেছেন, তিনি কখনোই রনিলকে পুনর্বহাল করবেন না। রনিল বলেন, প্রেসিডেন্টের হিটলারের মতো আচরণ করা উচিত নয়। হিটলার সংবিধানকে অগ্রাহ্য করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট সিরিসেনাকে সেই ক্ষমতা জনগণ দেয়নি।
গত ২৬ অক্টোবর নির্বাচিত প্রধানমন্ত্রী রনিলকে বরখাস্ত করে প্রেসিডেন্ট সিরিসেনা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তবে পার্লামেন্টে রাজাপাকসে দুইবার অনাস্থা ভোটের শিকার হন। তবুও তিনি পদত্যাগ করেননি। সোমবার আদালতও রাজাপাকসে ও তার মন্ত্রিপরিষদকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয়। গতকাল আদালতে রাজাপাকসে আপিল করলেও শুনানি হয়নি।
