রাণীশংকৈলে রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৮:৩৪

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জওগাঁও থেকে ৬৮০ গ্রাম ওজনের একটি রাধা-কৃষ্ণের পিতলের মূর্তির অর্ধেক অংশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় মূর্তিটি ওই গ্রামের মৃত. বাবুল হোসেনের ছেলে বিপ্লবের বাড়ি থেকে উদ্ধার করে থানা পুলিশ। 

জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই এলাকার কোরিয়া পুকুর খনন কালে ভাঙ্গা ওই রাধা-কৃষ্ণের মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি বিপ্লব তার বাড়িতে নিয়ে আসেন।এলাকাবাসীর দেওয়া তথ্যে বৃহস্পতিবার দুপুরে থানার ওসি সঙ্গীয় পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা ও তহসিলদার জাহিরুল ইসলামকে নিয়ে বিপ্লবের বাড়ি থেকে ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

আরও পড়ুন: শরণখোলায় বছরে ২ হেক্টর করে কমছে ফসলের জমি

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, বিপ্লব বাড়িতে ছিলনা। তার মা স্বেচ্ছায় মূর্তিটি বের করে দেন। এটি থানায় সংরক্ষিত আছে এবং এসি (ল্যান্ড) কর্মস্থলে ফিরলে তার অফিসে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/নূহু/অনি