শহীদ নাফিজ হত্যাকাণ্ডে এডিসি তয়াছির জড়িত নয়: পুলিশ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০২:৪০

জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শহীদ গোলাম নাফিজের মৃত্যুর ঘটনায় উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি তৎকালীন ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের এডিসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুর (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার, ১৪ এপিবিএন, কক্সবাজার) বিরুদ্ধে নাফিজ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, যেদিন নাফিজ গুলিবিদ্ধ হন, সেদিনের ঘটনাস্থলে এডিসি তয়াছির উপস্থিত ছিলেন না। তিনি নিরস্ত্র অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান। রিকশায় তোলার মুহূর্তের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তখন তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ইত্তেফাক/এএম