পাকিস্তানি দর্শককে জার্সি ঢাকতে বলার ঘটনায় ক্ষমা চাইল ল্যাঙ্কাশায়ার

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:০২

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে যাওয়া এক দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষমা চেয়েছে আয়োজক ক্লাব ল্যাঙ্কাশায়ার কাউন্টি।

ওল্ড ট্রাফোর্ড ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠ। পাকিস্তানের সবুজ রঙের সংক্ষিপ্ত সংস্করণের জার্সি পরে খেলা দেখতে এসেছিলেন ফারুক নজর নামের এক দর্শক। স্টেডিয়ামে ঢোকার পর নিরাপত্তাকর্মীরা তাকে জার্সি ঢেকে রাখতে বললেও তিনি অস্বীকৃতি জানান। পরে পুলিশ কর্মকর্তাদের সহায়তায় তাকে মাঠের বাইরে পাঠানো হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, ল্যাঙ্কাশায়ারের একজন নিরাপত্তাকর্মী ফারুককে জানান, জার্সি ঢাকতে বলার নির্দেশ ‘উপরে’ থেকে এসেছে।

ঘটনার পর ল্যাঙ্কাশায়ার এক বিবৃতিতে জানায়, নিরাপত্তাকর্মী ও পুলিশের সঙ্গে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করার কারণেই ফারুককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। রোববার, টেস্টের পঞ্চম দিনে এ ঘটনা ঘটে।

তবে পরে ক্লাবটি বিষয়টি নিয়ে তদন্ত করে এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলে, ‘অনিচ্ছাকৃতভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা দুঃখিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় আমাদের নীতিমালা পর্যালোচনা করা হবে।’

ল্যাঙ্কাশায়ার আরও জানায়, শনিবার ম্যাচের চতুর্থ দিনে ভারত ও পাকিস্তানের সমর্থকদের মধ্যে আরেকটি ঘটনার কারণে ফারুকের বিষয়টি অতিরিক্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হয়েছিল। ওইদিন পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে ভারতের কিছু দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা পতাকা সরিয়ে রাখতে বললে সমর্থকরা তা মেনে নেন।

ক্লাবের ভাষায়, ‘আমাদের উদ্দেশ্য কখনওই স্রেফ পাকিস্তানের জার্সি পরার কারণে কাউকে মাঠ থেকে বের করে দেওয়া ছিল না।’

ঘটনার ব্যাখ্যায় আরও বলা হয়, ‘রোববার আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিই যাতে কোনো উত্তেজনা না ছড়ায় এবং তার (ফারুক নজর) নিজের নিরাপত্তার কথা ভেবেই আমাদের কর্মীরা তাকে জার্সিটি ঢেকে রাখতে অনুরোধ করেন। তবে একাধিকবার অনুরোধের পরও তিনি সম্মত হননি।’

ভারত–পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রভাব বহুদিন ধরেই দুই দেশের ক্রিকেট সম্পর্কেও পড়েছে। ২০১৩ সালের পর দুই দেশের মধ্যে আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। টেস্টে মুখোমুখি হওয়ার ঘটনাটি আরও পুরোনো, ২০০৭ সালে।

সাম্প্রতিককালে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে চলমান ডব্লুসিএল (ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস) টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। সেমিফাইনালসহ দুই ম্যাচে অংশ না নেওয়ায় ভারতীয় দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।

ইত্তেফাক/এনএন