নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি অজিত বরন সরকারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) সকালে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গেলাম কিবরিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অজিত সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির অভিযোগে গত ২ জুলাই অজিত বরন সরকারের বিরুদ্ধে নেত্রকোনার খালিয়াজুরী থানায় একটি মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় ওই আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে। ওই মামলায় ১৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০জনকে আসামি করা হয়। মামলাটির ৫ নম্বর আসামি অজিত বরন সরকার।
এ মামলার বাদী হলেন, খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজলু মিয়া। মামলায় গত বছরের ১৬ জুলাই উপজেলা বিএনপির অফিসে ভাংচুর ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
ওসি গোলাম কিবরিয়া বলেন, সুনির্দিষ্ট মামলা ও অভিযোগের প্রেক্ষিতে অজিত সরকারকে আটক করা হয়েছে। তাকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
