দলে এখনও কোনো গ্রুপিং নেই: শান্ত 

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৩:০০

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত। এরপর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এরপরও নানা কারণে নেতৃত্বে ছেড়েছেন তিনি। মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করায় সম্প্রতি শান্ত টেস্ট নেতৃত্ব ছাড়েন। এরপর দলে বিভাজনের গুঞ্জন ছড়ায়। তবে দলে কোন বিভাজন সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শান্ত। 

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘আমি শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ পর্যন্ত ছিলাম। ওই সময় পর্যন্ত দলাদলির মতো কিছু ছিল না। পরিবেশ ভালো আছে। আমি বিশ্বাস করি, আস্তে আস্তে এটা আরও ভালোর দিকে যাবে। কিছু ঘটনায় মানুষ হয়তো বাইরে থেকে ধারণা করছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি।’ 

বর্তমানে ওয়ানডে অধিনায়ক মিরাজ আর টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন লিটন দাস। কোনো অধিনায়কের অধীনে খেলতে আপত্তি নেই জানিয়ে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার কোনো আপত্তি নেই। আমি যে কোনো অধিনায়কের অধীনে খেলার জন্য প্রস্তুত। দলের জন্য যেভাবে খেলা দরকার বা অধিনায়ককে সহযোগিতা করার প্রয়োজন করবো।’

অধিনায়কত্ব কখনই চাপের ছিল না জানিয়ে শান্ত আরও বলেন, ‘অধিনায়ক থাকায় অসুবিধা ছিল, তা না। হ্যাঁ, তখন সবাইকে নিয়ে একটু চিন্তা করতে হতো, দল নিয়ে ভাবতে হতো। ওই জায়গা থেকে দেখলে একটু হলে মুক্ত সময় পাবো। এখন মূল ফোকাস থাকবে নিজের ব্যাটিংয়ে উন্নতি করা। তিন সংস্করণে সুযোগ এলে বেশি অবদান রাখার চেষ্টা করবো।’  

ইত্তেফাক/জেডএইচ