ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। পাশাপাশি ৩১টি বিদ্যালয়ে ৪৭টি সহকারী শিক্ষকের পদও শূন্য, যার মধ্যে কিছু বিদ্যালয়ে তিন থেকে চারজন সহকারী শিক্ষকের অভাব রয়েছে। উপজেলায় মোট ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও প্রায় অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। সহকারী শিক্ষকগণ যথাসময়ে স্কুলে আসেন না, আবার নির্দিষ্ট সময়ের আগে ছুটি দিয়ে চলে যাওয়ার অভিযোগও রয়েছে একাধিক। এতে বিদ্যালয় থেকে ঝরে যাচ্ছে অনেক শিক্ষার্থী।
শিক্ষা অফিস সূত্রে জানা গিয়েছে, অবসর, মৃত্যু এবং মামলার কারণে এসব পদ শূন্য হয়েছে। ফলে অনেক বিদ্যালয়ে অস্থায়ীভাবে শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম জানান, প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার পেছনে অবসর, মৃত্যু ও মামলা দায়ী। সহকারী শিক্ষক সংকট-গ্রস্ত বিদ্যালয়গুলোর বেশিরভাগই দুর্গম এলাকায় অবস্থিত। এসব স্থানে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তারা প্রভাবশালীদের মাধ্যমে সুবিধাজনক স্থানে বদলি হয়ে যান। ফলে দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে।
