খুলনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৫:০৯

খুলনার দিঘলিয়ায় আলামিন শিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, আলামিনের স্ত্রী আগে আসাদুল ইসলাম আপন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। প্রায় ১৫ বছর আগে আসাদুল প্রতাপনগরে এসে তার সঙ্গে সংসার শুরু করেন। তবে পরে তাদের বিচ্ছেদ হয় এবং সেই নারী আলামিন শিকদারকে বিয়ে করেন।

পুলিশ জানায়, শনিবার ভোরে আসাদুল ইসলাম হঠাৎ আলামিনের ঘরের দরজায় কড়া নাড়েন। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আসাদুল ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে কুপিয়ে হত্যা করেন এবং পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসাদুল পলাতক রয়েছেন।

ওসি শাহীন বলেন, ঘাতক আসাদুল ইসলামকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি