আজ সারাদিন বৃষ্টি ছিল
দু’চোখ ভরা সৃষ্টি ছিল
মনের ভেতর একটি সবুজ
চাদর ছিল পাতা—
এই শ্রাবণে মনটাকে তো যায় না ঘরে রাখা।
আজ সারাদিন বৃষ্টি ছিল
মুড়ি এবং চাদর মুড়ি দু’ই-ই ছিল
হাতে কোনো কাজ ছিল না
নীল শাড়ি আর টিপ ছিল না
গায়ে নকশিকাঁথা—
এই আষাঢ়ে মনটাকে তো যায় না ঘরে রাখা।
গাছের ডালে কাক ছিল না
সকাল এবং রাত ছিল না
ঠান্ডা হাওয়ার হুড়োহুড়ি
মনের আকাশ ফাঁকা
এই শ্রাবণে কোনোমতেই যায় না ঘরে থাকা।
বন-বাদাড়ে বৃষ্টি ছিল
শ্রাবণ মেঘের মাতম ছিল
অলসক্ষণে ছড়িয়ে ছিল
কালো ময়ূরের পাখা—
এই আষাঢ়ে চোখের কোণে মেঘের মাদুর পাতা।
ওই যে দূরের মাঠ ছাড়িয়ে
পবন মাঝির ঘাট পেরিয়ে
তখেত তাউস মেজাজ নিয়ে
টেরাকোটার চাঁদ হয়ে যায়
প্রজাপতির পাখা—
কোনোভাবেই আজকে তারে যায় না ঘরে রাখা।
আজ সারাদিন বৃষ্টি ছিল
ঘুমপরিদের নৃত্য ছিল
শৈশবের ঐ স্মৃতি ছিল
মনের বনে আঁকা
তাই তোমাকে ভাবছি বসে মেঘলা দিনের সখা।
আজ সারাদিন বৃষ্টি ছিল বৃষ্টি ছিল
জানলা ধরে দাঁড়িয়েছিলাম একা।
